গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ
গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত (ফাইল ছবি)।

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রবীণ ও বিশিষ্ট অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত।

আজ রবিবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বৃত্তি ও বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মান্যবর আচার্যের সদয় অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)’ এর ১০(১) ধারা মোতাবেক ওনাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সর্বসম্মতভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে ওনার আনুষ্ঠানিক যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি এই পদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ওনার বর্তমান পদের সমপরিমাণ মূল বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য সকল সুযোগ-সুবিধা ও স্বত্ব ভোগ করবেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওনাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরেই অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছে যে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অভিভাবক শূন্যতা দূর করে নতুন উপাচার্য নিয়োগের আনুষ্ঠানিক খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই গোবিপ্রবি ক্যাম্পাস প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আলোচনা ও নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক মানোন্নয়নে নবনিযুক্ত উপাচার্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিশেষ সূত্রে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই তিনি সশরীরে গোপালগঞ্জে এসে আনুষ্ঠানিকভাবে ওনার নতুন দায়িত্ব ভার গ্রহণ করবেন।

মন্তব্য করুন