গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ: নিলেন না ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ: নিলেন না ফুলেল শুভেচ্ছা

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি বিনয়ের সাথে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, "আমি এখন ফুলেল শুভেচ্ছা নিতে আগ্রহী নই। আগামী চার বছর আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পর, আজ যেভাবে আপনারা আমাকে গেট থেকে নিয়ে এসেছেন, ঠিক সেভাবেই ফুলেল শুভেচ্ছা দিয়ে এবং সবাইকে আবেগাপ্লুত করে বিদায় জানালে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ফুলেল শুভেচ্ছা সেদিনই গ্রহণ করব, যেদিন আমি আমার দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হব।"

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছা গ্রহণ থেকে বিরত থাকার এই বার্তাকে বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চমৎকার প্রতিফলন হিসেবে দেখছেন সকলে।

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে উপাচার্য আরও বলেন, "আমি দুর্নীতির সাথে কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। তবে ক্যাম্পাসে কেউ কোনো ধরনের দুর্নীতি করলে তাকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনা হবে।"

এর আগে একই দিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে চার বছরের জন্য গোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন