এইচএসসি পরীক্ষার ভুয়া সূচি নিয়ে জরুরি সতর্কবার্তা দিল আন্তঃশিক্ষা বোর্ড
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নামে ছড়ানো একটি নোটিশকে সম্পূর্ণ অসত্য, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যে কান না দেওয়া এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
জরুরি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ মানুষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নাম ব্যবহার করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে যে বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভুয়া।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সব ধরণের সিদ্ধান্ত, রুটিন বা নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হয়। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যেকোনো অপ্রমাণিত বিজ্ঞপ্তি যাচাই-বাছাই না করে বিশ্বাস কিংবা প্রচার করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
|