কুবিতে ছাত্রশক্তির জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
কুবিতে ছাত্রশক্তির জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। 

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সংহতি সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং বর্তমান সরকারের কাছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাইম ভূইয়া বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি আহত হয়েছেন, যাঁদের অনেকেই এখনো তীব্র যন্ত্রণায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা খুনি হাসিনাসহ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ প্রত্যেকের কঠোর বিচার দাবি জানাই।”

তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “জুলাই গণহত্যার নেপথ্যে থাকা ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থার যারা যুক্ত ছিল, তাদের প্রত্যেককে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে দল হিসেবে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করে তাদের বিচার সম্পন্ন করতে হবে।”

সংগঠনটির কুবি শাখার সংগঠক মো. ইকবাল বলেন, “আজ দুই বছর হতে চললেও আমাদের ভাইয়েরা যে স্বপ্ন বুকে নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পুরোপুরি গড়ে তুলতে পারিনি। যতদিন না শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমরা অবিলম্বে শেখ হাসিনাসহ সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাচ্ছি।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন