কলাপাড়ায় বিরোধের জেরে বসতঘরে আগুনের অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
কলাপাড়ায় বিরোধের জেরে বসতঘরে আগুনের অভিযোগ

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ফিরোজ আলম জানান, আগুনে তাঁর বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফিরোজ আলমের বড় ভাই জহিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের সলেমান তালুকদারের বিরোধ চলে আসছিল। তাঁদের ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে জহিরুল ইসলামের মাছের ঘের থেকে মাছ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। গত বুধবার শহরের চৌরাস্তা এলাকায় দুজনের দেখা হলে সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এই ঘটনার পর সলেমান তালুকদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দাবি করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সমাধান না হওয়ায় তিনি দেখে নেওয়ার ও বড় ধরনের ক্ষতির হুমকি দেন। এর পরেই গভীর রাতে জহিরুল ইসলামের ছোট ভাই ফিরোজ আলমের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

তবে অভিযুক্ত সলেমান তালুকদারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এই বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, বসতঘরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ অনতিবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন