ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াত: মসজিদে পৃথক নামাজ আদায়

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ
ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াত: মসজিদে পৃথক নামাজ আদায়

বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে একটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিরোধের জেরে একই সময়ে মসজিদের ভেতরে ও বারান্দায় পৃথকভাবে জামাতে নামাজ আদায়ের ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমামের দায়িত্ব পালন নিয়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে দ্বিমত দেখা দেয়। কমিটির ভেতরে থাকা জামায়াত সমর্থকরা ইমাম পরিবর্তনের পক্ষে অবস্থান নিলেও বিএনপি সমর্থকরা বর্তমান ইমামকেই বহাল রাখার দাবি জানান। এই বিরোধের জেরে গত শনিবার থেকে দু’পক্ষ একই সময়ে পৃথকভাবে নামাজ আদায় শুরু করেন; যেখানে বিএনপি সমর্থকরা মসজিদের ভেতরে এবং জামায়াত সমর্থকরা বারান্দায় আলাদা জামাত পরিচালনা করেন।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উভয় পক্ষের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ইমামকে থানায় ডেকে নেন। রাত ৮টা থেকে শুরু হওয়া প্রায় চার ঘণ্টার ম্যারাথন বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর একটি সমঝোতা সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মসজিদ কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান ইমামই সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্বে বহাল থাকবেন।

এই বিষয়ে সাড়াতলা ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, "বর্তমান ইমামের নিয়মিত সময়ানুবর্তিতা এবং নামাজ পরিচালনায় বিলম্বের কারণে আমরা পরিবর্তনের কথা ভেবেছিলাম। এটি নিয়ে একটু ভুল বোঝাবুঝি ও বিরোধ তৈরি হলেও থানার বৈঠকের মাধ্যমে বিষয়টির একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাধান হয়েছে।"

অন্যদিকে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন জানান, "জুমার খুতবায় কেবল কোরআন-হাদিসের পবিত্র আলোচনাই হওয়া উচিত, কোনো রাজনৈতিক বা ভিন্নধর্মী এজেন্ডা নয়। মূলত এই বিষয়টি নিয়েই মতবিরোধের সূত্রপাত হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী উদ্যোগে উভয় পক্ষ বসে একমত হয়েছে এবং বর্তমানে আর কোনো সমস্যা নেই।"

এদিকে আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) জুমার নামাজের আগে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে সশরীরে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পবিত্র মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনা মোটেও কাম্য নয়। আমরা উভয় পক্ষের সাথে নিবিড় আলোচনা করে বিষয়টি মিটিয়ে দিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশি নজরদারি অব্যাহত আছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন