পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৪ আহত ৫

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৪ আহত ৫

অনলাইন ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির উত্তর অঞ্চলের কাহামার্কা বিভাগে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই দুর্ঘটনা। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

গভীর খাদে বাস, ব্যাহত উদ্ধারকাজ:স্থানীয় সান হুয়ান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিকার্ডো চিলন জানান, দুর্ঘটনা ঘটে যাওয়া মিনিবাসটিতে চালকসহ মোট ১৯ জন যাত্রী ছিলেন। বাসটি সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে নিচে গভীর খাদে গড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মধ্যে বাসের চালক ও একটি শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন তারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এডসন রোমান জানিয়েছেন, মিনিবাসটি খাদের অত্যন্ত গভীরে আটকে থাকায় উদ্ধার তৎপরতা চালাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। এখনও কয়েকটি মরদেহ বাসের ভেতর আটকে আছে, সেগুলো বের করে আনার চেষ্টা চালানো হচ্ছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পেরুতে ঘনঘন সড়ক দুর্ঘটনার কারণ: র্ঘটনার আসল কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে পেরুতে পাহাড়ি রাস্তার ঝুঁকিপূর্ণ ট্রাফিকের অবস্থা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, পর্যাপ্ত নজরদারির অভাব এবং দ্রুতগতিতে যান চালানোর কারণে নিয়মিতই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন