আর্জেন্টিনা স্পেন ফাইনাল গুরু বনাম শিষ্য

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
আর্জেন্টিনা স্পেন ফাইনাল গুরু বনাম শিষ্য

ক্রীড়া ডেস্ক:বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের মহারণে নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ইউরো সেরা স্পেন এবং কোপা আমেরিকা সেরা আর্জেন্টিনা। তবে দুই ফুটবল পরাশক্তির ট্রফি যুদ্ধকে ছাড়িয়ে ফুটবল বিশ্বের নজর এখন ডাগআউটের দুই রূপকারের দিকে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির এই লড়াইটি হয়ে উঠেছে মূলত এক দারুণ ‘গুরু বনাম শিষ্যে’র রোমাঞ্চকর গল্প।

চলতি বছরের মার্চ মাসে বহুল প্রতিক্ষীত ‘ফিনালিসসিমা’ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর, বিশ্বকাপের মঞ্চেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সেরা সুযোগ পাচ্ছে দুই মহাদেশের চ্যাম্পিয়নরা।

ক্যারিয়ারের শেষটা রাঙানোর পথ ও স্পেনের স্বপ্ন:আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তটিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে রাঙিয়ে তুলতে মরিয়া। আর জয় এলে ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার অনন্য রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, ২০১০ সালে প্রথমবার বিশ্বজয় করা স্পেন দীর্ঘ ১৬ বছর পর পুনরায় সেই গৌরব পুনরুদ্ধার করতে চায়। ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, টানা ক্লিন শিট রেখে আসর শেষ করার সংকল্প রয়েছে স্প্যানিশ শিবিরের।

যেভাবে গুরুর শিষ্য হলেন স্কালোনি:২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের কোচিং ডিপ্লোমা ও লাইসেন্স সম্পন্ন করতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সুপরিচিত ‘লা রোজাস’ একাডেমিতে ভর্তি হন লিওনেল স্কালোনি। সেখানে তাঁর অন্যতম প্রধান শিক্ষক বা গুরু ছিলেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ লুইস দে লা ফুয়েন্তে।

শিক্ষক ও ছাত্রের এই সম্পর্কের টান অনেক গভীর। স্কালোনির ব্যক্তিগত জীবনও স্পেনের সাথেই গভীরভাবে সম্পৃক্ত। তাঁর সহধর্মিণী স্প্যানিশ, সন্তানরা সেখানে বড় হয়েছে এবং তিনি নিজেও স্পেনের মায়োর্কাতে স্থায়ীভাবে বসবাস করেন।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর পর দে লা ফুয়েন্তে নিজে প্রকাশ করেছিলেন, তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভালোবাসার ছাত্রের দল আর্জেন্টিনাকেই দেখতে চান। একইভাবে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর স্কালোনি দে লা ফুয়েন্তেকে তাঁর ‘শিক্ষক ও পরম বন্ধু’ হিসেবে অভিহিত করেন।

মাঠে আপসহীন লড়াইয়ের প্রতিশ্রুতি:আগামী রবিবারের ফাইনালে গুরুর সঙ্গে দারুণ উষ্ণ সম্পর্ক থাকলেও নিজ দেশের প্রতি অনুগত্যে কোনো ছাড় দেবেন না বলে স্পষ্ট করেছেন স্কালোনি। তিনি বলেন:

“সবাই জানে আমার পরিবার স্প্যানিশ এবং আমি সেখানে থাকি। তবে রবিবারের ফাইনালে আমি দে লা ফুয়েন্তেকে হারানোর জন্য শতভাগ চেষ্টা করব। তিনি মাঠের ফুটবল ভাবনা ও মানুষ হিসেবে আমার সর্বোচ্চ সম্মানের জায়গায় রয়েছেন।”

প্রিয় ছাত্র স্কালোনির মেধা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে গুরু দে লা ফুয়েন্তে বলেন:

“লিওনেল অত্যন্ত পরিশ্রমী ছাত্র ছিল। ওর শেখার প্রতি দারুণ আকুতি ছিল। সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবকিছু জিতেছে। শিক্ষক হিসেবে ওর সাফল্য আমাকে গর্বিত করে। তবে মাঠের বাইরে বন্ধুত্ব বজায় থাকলেও ৯০ মিনিটের খেলায় আমরা জেতার জন্যই নামব।”

মন্তব্য করুন