সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারির নির্দেশ আবহাওয়া দপ্তরের
অনলাইন ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত ও শক্তিশালী হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট, ২০২৬) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
|