সরাইলে বালু উত্তোলনের অপরাধে ৭ জনের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ
সরাইলে বালু উত্তোলনের অপরাধে ৭ জনের কারাদণ্ড

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দের পাশাপাশি জড়িত ৭ জনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু তুলে আসছিল। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে তীব্র তীরভাঙন দেখা দিয়েছে, যার ফলে চর কাকরিয়া, আজবপুর, নতুনহাটি ও পানিশ্বর গ্রামসহ কোটি কোটি টাকার সরকারি-বেসরকারি স্থাপনা এবং কৃষিজমি বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

অভিযানকালে সরাসরি বালু তোলার সময় রাহাত, আলামিন, হৃদয়, কামাল, আবুল কাসেম, ফুরকান ও আওলাদ হোসেন নামে ৭ জনকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেকে ৪০ দিনের কারাদণ্ড প্রদান করেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, মেঘনা নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনিক এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন