কোটালীপাড়ায় তীব্র বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় তীব্র বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়াসহ পুরো জেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন জনজীবন ও স্বাভাবিক কাজকর্ম।

স্থানীয় সূত্র জানায়, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুতের দেখা মিলছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। বিকল্প হিসেবে জেনারেটর বা মোটরের সাহায্যে সাময়িক সেবা দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

বিদ্যুৎহীনতায় অফিস-আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তীব্র গরমে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ির ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী পচে নষ্ট হচ্ছে। অন্যদিকে সন্ধ্যার পর উপজেলার হাট-বাজারগুলোতে ভূতুড়ে অন্ধকার নেমে আসায় ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন।

পরিস্থিতি মোড় নেওয়ায় ক্ষুব্ধ গ্রাহকদের ক্ষোভের মুখে বিদ্যুৎ অফিসে হামলার আশঙ্কাও করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকায় জেলা ও উপজেলা পর্যায়ে এই ঘাটতি তৈরি হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি জাতীয় বিদ্যুৎ ঘাটতির একটি অংশ। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় সাময়িক এই সমস্যা হচ্ছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন