ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের তীব্র গ্যাস সংকট
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র ‘তিতাস’-এর জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দেখা দিয়েছে চরম গ্যাস সংকট। প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় গ্রিডে এলএনজি (LNG) সরবরাহ ব্যাহত হওয়ায় পুরো জেলাজুড়ে এ বিপর্যয় দেখা দিয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আশঙ্কাজনক হারে কমে যায় এবং অনেক জায়গায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে গৃহস্থালি রান্নাবান্না থেকে শুরু করে বাণিজ্যিক ও শিল্প খাতের স্বাভাবিক কর্মকাণ্ড থমকে দাঁড়িয়েছে।
গ্যাসের তীব্র সংকটে জেলার ৫টি সিএনজি ফিলিং স্টেশন এবং ১৭টি গ্যাসনির্ভর শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। অন্যদিকে গৃহস্থালিতে গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে চড়া দামে এলপিজি সিলিন্ডার কিনে বা মাটির চুলায় রান্না সারছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ২৬ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক বর্তমানে চূড়ান্ত দুর্ভোগ পোহাচ্ছেন।
বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. শফিকুল হক জানান, সাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে বাখরাবাদের আওতাধীন অন্যান্য জেলার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াতেও এই সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
এআইএল/সকালবেলা
|