স্টেশনে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল ইট

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
স্টেশনে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল ইট

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কোর্ট স্টেশনে মুখ বাঁধা দুটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ব্যাগ দুটি কেটে তার ভেতরে পাওয়া গেছে ইটের টুকরো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের 'নকশীকাঁথা মেইল' ও শাটল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ব্যাগ দুটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাউন্টারের পাশে লাওয়ারিশ ব্যাগ দেখে স্থানীয়রা সেগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করেন। তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি নিরাপত্তাজনিত কারণে বালতির পানিতে ভিজিয়ে রাখে। প্রায় আড়াই ঘণ্টা পর ব্যাগ কেটে পরীক্ষা করা হলে ভেতর থেকে শুধু ইটের টুকরো উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন জানান, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন