ঈশ্বরদীতে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে আহত ১৫
মো. হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি এলপিজিবাহী ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকূপা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ঢাকাগামী 'গ্রিন এক্সপ্রেস'-এর একটি বাস নতুনহাট গোলচত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে ভুল লেনে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ১৫ যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কারো আঘাতই আশঙ্কাজনক নয়। এ ঘটনার পরপরই ট্যাঙ্কারটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাস চালক রুবেল হোসেন অভিযোগ করেন, তিনি সঠিক লেনেই ছিলেন; কিন্তু ট্যাঙ্কারটি আচমকা ভুল লেনে সামনে চলে আসায় এই সংঘর্ষ ঘটে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যাঙ্কারটি ভুল লেনে থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। পলাতক চালক ও সহকারীকে শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|