৫ দিনের মিশন সফর শেষে দেশে সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুদান ও আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্প পরিদর্শন শেষে পাঁচ দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শুক্রবার (১৪ আগস্ট) তিনি সফলভাবে সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধান ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান’ (ইউএনএমআইএসএস) এবং ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (ইউএনআইএসএফএ) এলাকায় মোতায়েনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
সফরে সেনাপ্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিটের সার্বিক আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি আবেই এলাকায় অবস্থানরত সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় তিনি মিশনে কর্মরত বাংলাদেশি স্টাফ অফিসার, সামরিক পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা ও মিশন এলাকার বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান ইউএনএমআইএসএসের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউএনআইএসএফএর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে মিশনগুলোর নিরাপত্তা চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অবদান নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আবেইয়ে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
পরবর্তীতে সেনাপ্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চোল থন বালক এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সান্তিনো দেং উলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাপ্রধানকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
|