৭ সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তবে অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি মোতাবেক প্রাপ্য সকল অবসরজনিত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সাতজন কর্মকর্তা হলেন—র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী।
তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন—পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
|