সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় কাজের সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে হতাহতের ঘটনা ঘটে (ফাইল ছবি)।

 চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন শ্রমিক গুরুতর অসুস্থ ও আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত 'ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে' এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ইয়ার্ডে থাকা একটি পুরোনো জাহাজের ভেতরে শ্রমিকরা নিয়মিত হাউসকিপিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় জাহাজের একটি বদ্ধ ট্যাংক থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করলে ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। গ্যাসে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।

পরে সহকর্মী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশন কর্মকর্তা আল মামুন বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজের ভেতরে কাজ করার সময় গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, "ইয়ার্ডটিতে শ্রমিক দুর্ঘটনার খবর পেয়েছি। প্রাথমিকভাবে ১০ জনের মতো শ্রমিক আক্রান্ত হওয়ার তথ্য এসেছে, যার মধ্যে কয়েকজন মারা গেছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আমাদের একটি পরিদর্শক দল কাজ শুরু করেছে।"

মন্তব্য করুন