আখাউড়ায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
আখাউড়ায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের মো. সুজন মিয়া (৩০) এবং হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মো. বাচ্চু মিয়া (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মোগড়া বাজারের 'আলামিন স্টোর'-এর সামনে তল্লাশি চালায় আখাউড়া থানা পুলিশ। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ব্যবহৃত একটি পুরোনো নম্বরবিহীন লাল-কালো অ্যাপাচে মোটরসাইকেল জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন