সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ একই উপজেলার নর্থ চ্যানেল সিএনবি ঘাট এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিখোলা এলাকার ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে সকালে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের ঠিক সামনেই ৩৩ হাজার ভোল্টের একটি ঝুঁকিপূর্ণ খোলা বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। সকালে ছাদের বিমে রড বাঁধাইয়ের কাজ করার সময় সজীবের হাতের একটি রড অসাবধানতাবশত ঝুলন্ত বিদ্যুতের তার স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে পাশে থাকা শ্রমিক রুবেলও আহত হন।

পরে সহকর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে জনবহুল এলাকায় ৩৩ হাজার ভোল্টের উন্মুক্ত বিদ্যুৎ লাইন নিয়ে স্থানীয় অধিবাসীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন