মৌলভীবাজারে দুই খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজারে দুই খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে খাদ্য উৎপাদনে অনিয়মের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ‘এ-ওয়ান ব্রেড অ্যান্ড বেকারী’কে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান।

অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘জেরিন ফুড অ্যান্ড কোং’কে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ।

পৃথক দুটি মামলায় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন