হামিদুর রহমান আযাদের বক্তব্যে সাবেক এমপি বাবুলের কড়া জবাব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
হামিদুর রহমান আযাদের বক্তব্যে সাবেক এমপি বাবুলের কড়া জবাব

জামালপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের দেওয়া এক বক্তব্যকে অবাস্তব, রাজনৈতিক স্টান্টবাজি ও হাস্যকর বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

সম্প্রতি জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ তাঁর এক বক্তব্যে দাবি করেন, সংসদ সদস্যরা নিজেদের পছন্দমতো ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি সমর্থিত প্রার্থীরা জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করতেন।

আযাদের এমন মন্তব্যের জবাবে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "জনাব আযাদ, কেন আপনার এমনটা মনে হলো? বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে কোন বিবেচনায় জামায়াত সমর্থিত প্রার্থীকে বিএনপির সংসদ সদস্যরা বেছে নেবেন?"

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুণাবলী ও রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, "মির্জা আলমগীর আপাদমস্তক একজন সৎ, মেধাবী, সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। প্রগতিশীল ছাত্র রাজনীতি, সফল শিক্ষকতা ও পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি ও প্রতিমন্ত্রী হিসেবে তিনি সততা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে মহাসচিব হিসেবে দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তারেক রহমান যোগ্যতার কষ্টিপাথরে যাচাই করেই তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক পদে মনোনীত করেছেন।"

তিনি যোগ করেন, "সারাদেশের কোটি কোটি নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে মির্জা আলমগীরের গ্রহণযোগ্যতা কতটা, তা জামায়াত নেতা আযাদ সাহেব কীভাবে বুঝবেন? কর্নেল অলির রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইতিহাস এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী শিবিরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা এ দেশের মানুষের অজানা নয়।"

বিএনপির এই সাবেক এমপি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সংবাদের শিরোনাম হওয়ার জন্যই জামায়াত নেতারা সবসময় এমন বাস্তবতা বিবর্জিত ও চটকদার বক্তব্য দিয়ে থাকেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন