নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) এবং দলটির সক্রিয় কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে মিরপুর মডেল থানাধীন শাহআলীবাগ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে জহির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাভ রোড এলাকায় অপর এক অভিযানে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার ছক তৈরি ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গোপনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
মিরপুর মডেল থানায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|