সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বালুরমাঠ এলাকায় র্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ দল এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করতে সক্ষম হন অভিযানকারীরা।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব-১১-এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এআইএল/সকালবেলা
|