ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিল সরকার
অনলাইন ডেস্ক: সারাদেশের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সড়ক নিরাপত্তা বিধানে একটি সুনির্দিষ্ট ও সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় সিটি কর্পোরেশনসহ তৃণমূল পর্যায়ে নগর ব্যবস্থাপনা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং বিদ্যমান বাস্তবতা বিবেচনায় ই-রিকশা নিয়ন্ত্রণের ওপর জোর দেন বক্তারা।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং সম্প্রতি অনুমোদিত 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬'-এর ওপর ভিত্তি করে এই নতুন নীতিমালাটি তৈরি হচ্ছে। এ নীতিমালা সঠিকভাবে প্রয়োগ করা গেলে শুধু যে যানজট কমবে তা-ই নয়, বরং সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক নিবন্ধন ও চালকের লাইসেন্স প্রদানের সুযোগ তৈরি হলে সরকারের কোষাগারেও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব যুক্ত হবে।"
তিনি আরও জানান, একটি একক সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণে বিদ্যমান প্রচলিত বিধিমালাগুলো দ্রুত সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে, সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন ও লাইসেন্স সুবিধার আইনি ভিত্তি তৈরিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে 'সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫' গেজেট আকারে প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান তাঁর কারিগরি ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
|