ছোট ভাইয়ের স্ত্রীর লাথির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথির আঘাতে মামুন মিয়া (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া মাঝিয়ারা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক পল্লী চিকিৎসক ছিলেন এবং স্থানীয় মাঝিয়ারা বাজারে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় বাজার থেকে নামাজ পড়ে ঘরে ফেরেন মামুন। এ সময় তাঁর স্ত্রী নয়নতারা বেগমের সঙ্গে ছোট ভাই প্রবাসী সুমন মিয়ার স্ত্রী হালিমা খাতুনের বাগ্বিতণ্ডা চলছিল।
মামুন বিবাদ থামাতে এগিয়ে গেলে ছোট ভাইয়ের স্ত্রী হালিমা হঠাৎ তাঁর বুকে সজোরে লাথি মারেন। এতে তিনি ঘরের উঁচু চৌকাঠের সামনে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি।
নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ওয়াসীম বিল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নয়নতারা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত হালিমা খাতুনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|