ফুটপাত দখল করে আ: লীগ নেতার মার্কেট নির্মাণ
আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রতিনিধি যশোর: যশোরের মণিরামপুর পৌরশহরে পানি নিষ্কাশনের সরকারি ড্রেন ও পথচারীদের ফুটপাত দখল করে সিঁড়িসহ মার্কেট ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভার দুর্গাপুর মৌজায় স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা জিএম মজিদ ও তাঁর ছেলে সাজেদুল ইসলাম রাজীবের নির্মিত ‘জিএম সুপার মার্কেট’-কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নবনির্মিত জিএম সুপার মার্কেটটি সংলগ্ন অন্যান্য ভবনের চেয়ে প্রায় ৩ ফুট সামনের দিকে এগিয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া ভবনের ওঠা-নামার সিঁড়িটি সরাসরি পথচারীদের চলাচলের প্রধান ড্রেন ও ফুটপাতের ওপর তৈরি করা হয়েছে। ড্রেনের ওপর এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিদিন মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, মার্কেট থেকে যানবাহন নামার সময় যেকোনো মুহূর্তে পথচারীরা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন।
উপজেলা পরিষদের ঠিক উল্টো পাশে এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টিসীমার মধ্যে কীভাবে এমন অবৈধ দখল ও নির্মাণকাজ সম্পন্ন হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
যোগাযোগ করা হলে অভিযুক্ত সাজেদুল ইসলাম রাজীব দাবি করেন, "এসব জায়গা আমাদের নিজস্ব সম্পত্তি। সামনে আমরা জমি না ছাড়লে আগে এখানে রাস্তা কিংবা ড্রেন নির্মাণ সম্ভব হতো না।"
এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের নজরে এসেছে এবং প্রাথমিক খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। সরেজমিনে তদন্তে অপরাধ ও অবৈধ দখলের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|