বিএনপির সাবেক এমপি হারুন-আল-রশিদের জানাজায় মানুষের ঢল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদ (৮৭) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
আজ শনিবার (২০ জুন) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে হাজারো মানুষের।
জানাজা শেষে শহরের শেরপুর কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরম শ্রদ্ধায় দাফন করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় তাঁর দুটি পৃথক নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
সাবেক এই জনপ্রিয় সংসদ সদস্যের জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। নামাজে জানাজার পূর্বে প্রয়াত নেতার কর্মময় জীবন, সততা ও রাজনৈতিক অবদানের ওপর আলোকপাত করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এ ছাড়া আরও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে কানাডাপ্রবাসী চিকিৎসক ডা. আসিফ হারুন। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়া।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট হারুন-আল-রশিদ। তাঁর এই চিরবিদায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই জননেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
এআইএল/সকালবেলা
|