আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: খুলনায় এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, যা কোনো দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে প্রস্তুত হতে হবে।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। তিনি দলটির উদ্দেশে বলেন, ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসতে হবে এবং জনরায়কে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হলেও তা হয়েছে দেশে গৃহযুদ্ধ এড়ানোর স্বার্থে। অন্যায়ের কাছে মাথা নত করা হবে না।
খুলনার বক্তব্যে তিনি বলেন, ভোট কেড়ে নেওয়ার অভিযোগ এবং রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে তারা সংসদে ও প্রয়োজনে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।
সীমান্ত পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন, কোনো প্রতিবেশীর প্রতি বৈরিতা চান না, তবে দেশের দিকে কোনো ‘কালো হাত’ বাড়ালে তা প্রতিহত করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
|