সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে
আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের বায়াহিব সৈকতের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং প্রায় এক হাজার ৭০০ পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনে ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে থাকা ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো নামের এক ইতালি নাগরিকের মৃত্যু হয়।
জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও ছয়জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অতিথি, দর্শনার্থী ও উদ্ধারকর্মীরাও রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমুদ্র উপকূলীয় এলাকায় ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খড় ও পাম পাতার ছাদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
জরুরি পরিষেবা কেন্দ্র জানায়, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পর্যটকদের আশপাশের হোটেলে স্থানান্তর করা হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বর্তমানে ওই এলাকা ও আশপাশে পর্যটন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ঝুঁকি নেই। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।
ডোমিনিকান রিপাবলিক বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করেন।
সূত্র: রয়টার্স
|