‘নেতানিয়াহুর নীতি ইসরাইলকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছে’: সাবেক প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও লেবাননে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকার ইসরাইলকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ‘ভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে বলেন, রাজনৈতিক খামখেয়ালিপনার চড়া মূল্য দিচ্ছে পুরো ইসরাইল।
ইয়ালোন বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকেই লেবাননের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত ছিল। কিন্তু তা না করে ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করা হচ্ছে। এর ফলে প্রতিদিন ইসরাইলি সেনাদের প্রাণহানি ঘটছে।
তিনি অভিযোগ করেন, অতি-ডানপন্থী জোট সরকার টিকিয়ে রাখার উদ্দেশ্যেই নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, চলমান যুদ্ধ দেশের অস্তিত্বের ওপর আঘাত হানছে। নির্বাচনের পরও যদি বর্তমান নীতি অব্যাহত থাকে, তাহলে একপর্যায়ে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
|