যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনভর এক বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ ১৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (১৯ জুন) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ইয়ার হোসেন (৩২), মোর্শেদা বেগম (৫৭), পিংকী আক্তার (২৬), উর্মি আক্তার (২৪), সবুজ (২২), মো. জাকির (২৬), মো. ফরহাদ (২৮), মো. রাসেল (৪২), সাদ্দাম হোসেন (৩০), রবিউল ইসলাম রকি (২০), মনির হোসেন (৪৫), জাকির হোসেন (২৬), মো. শাকিল হোসেন (২৪), মাইদুল ইসলাম (৩৫), মো. মনিরুজ্জামান বাবু (২৪), মহিদুল ইসলাম (২৯) এবং মাসুদ হালাদার (২৬)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে শুক্রবার দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্পটে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) বেশ কয়েকজন পলাতক আসামি রয়েছে। এছাড়া অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কয়েকজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এমন ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
এআইএল/সকালবেলা
|