বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ৫৫ জন অসুস্থ, পল্লী চিকিৎসকের মৃত্যু
শফিকুল ইসলাম (নিকলী, কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত খাবার খেয়ে নবদম্পতিসহ অন্তত ৫৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। খাবারে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) ফলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ফখরুল আলম কিরণ নামের এক পল্লী চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন অতিথির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষের জন্য খাবার রান্না করা হয়েছিল। ওই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বরযাত্রীরা খাবার গ্রহণের পরপরই একে একে অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তীব্র পেটের ব্যথা, জ্বর, ডায়রিয়া ও বমির মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁদের দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পল্লী চিকিৎসক ফখরুল আলম কিরণ মৃত্যুবরণ করেন।
বর্তমানে শুধু নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া জেলার অন্যান্য হাসপাতালেও বেশ কিছু রোগী ভর্তি আছেন। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ওপর হঠাৎ রোগীর চাপ বহুগুণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। অনেক রোগীকে শয্যাসংকটের কারণে বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ফলে চিকিৎসাসেবা প্রদানে বড় কোনো সমস্যা হচ্ছে না।
এদিকে আকস্মিক এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তিন সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ নিবিড় তদন্ত চালাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা