জিম্বাবুয়ের প্রধান কোচের পদ ছাড়লেন জাস্টিন স্যামন্স
ক্রীড়া ডেস্ক: চুক্তির মেয়াদ এখনো বাকি ছিল আরও ২ বছর। কিন্তু তার অনেক আগেই জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন জাস্টিন স্যামন্স। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে চলমান এই টেস্ট ম্যাচটিই জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে স্যামন্সের শেষ অ্যাসাইনমেন্ট। এই ম্যাচ শেষেই পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন এই অভিজ্ঞ কোচ।
২০২৪ সালের জুনে প্রধান কোচের দায়িত্ব নিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করেন জাস্টিন স্যামন্স। তার অধীনে দলটি মাঠের ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় সাফল্য অর্জন করে। তার কোচিংয়ে জিম্বাবুয়ে মোট তিনটি টেস্ট ম্যাচ জেতে। এর মধ্যে রয়েছে ২০২১ সালের পর বিদেশের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়; ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়টি ধরা দেয়। এ ছাড়া ঘরের মাঠে সর্বশেষ দুটি টেস্টে তারা ইনিংস ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান ও বাংলাদেশকে।
সাদা বলের ক্রিকেটেও তার অধীনে দারুণ উন্নতি করে জিম্বাবুয়ে। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে তাদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হিসেবে অষ্টম স্থান অর্জন করে। ওই আসরের প্রথম পর্বে অপরাজিত থাকার পথে তারা হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানকে।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাস্টিন স্যামন্সের সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেছে। বিদায়বেলায় বোর্ডসহ দলের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দায়িত্ব ছাড়ার পেছনের ব্যক্তিগত কারণ তুলে ধরেন তিনি।
স্যামন্স বলেন, ‘জিম্বাবুয়ে দলের দায়িত্ব পালন করা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা; এই সময়ের সুন্দর স্মৃতিগুলো সবসময়ই আমার মনে থাকবে। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ঘরোয়া দলের সঙ্গে সফলভাবে কাজ করেছেন স্যামন্স। তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) হাই-পারফরম্যান্স ইউনিটের অংশ ছিলেন এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।