মেসিহীন আর্জেন্টিনাকে সময় দিতে বললেন কোচ স্কালোনি

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
মেসিহীন আর্জেন্টিনাকে সময় দিতে বললেন কোচ স্কালোনি

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথমবার মাঠে নেমে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ২-1 গোলে হেরে গেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে অভিষেকের পর পরই এই পরাজয়ে এক ম্যাচেই তরুণ খেলোয়াড়দের সামর্থ্য বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। বরং নতুনদের মানিয়ে নিতে পর্যাপ্ত সময় দিতে চান তিনি।

উরুগুয়ের বিপক্ষে এই পরাজয়ের পরও বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দলের খেলায় কিছু ভালো মুহূর্ত পেয়েছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। অবশ্যই কিছু জায়গায় আমাদের ভুলত্রুটি সংশোধন করতে হবে। আমরা জানতাম প্রতিপক্ষ বেশ কঠিন হবে। আমাদের এখন কাজ হলো নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়া।”

মেসির অনুপস্থিতিতে বর্তমান দলের মূল দায়িত্ব এখন অনেকটাই তরুণ ও নতুনদের কাঁধে। তবে তাদের ওপর হুট করে অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে নারাজ কোচ। স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, “ওরা সবাই তরুণ। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা আশা করতে পারি না যে ওরা এসেই একাই পুরো দলকে কাঁধে তুলে নেবে। ওরা নিজেদের সর্বোচ্চটা দেবে, কিন্তু বড় প্রতিপক্ষের বিপক্ষে কাজটা মোটেও সহজ নয়।”

জাতীয় দলের জার্সির সঙ্গে নতুনদের অভ্যস্ত হওয়ার সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এই জার্সিতে খেলার পরিবেশের সঙ্গে ওদের মানিয়ে নিতে দিতে হবে। দলকে আমরা সব সময় অস্থির ও চাপে রাখতে চাই না। ওদের কিছুটা স্থিতিশীলতা দিতে হবে।”

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং দলের গোলরক্ষক জেরোনিমো রুলির পারফরম্যান্সের সমর্থনেও কথা বলেছেন স্কালোনি। তিনি জানান, গোলগুলোর জন্য গোলরক্ষক দায়ী নন এবং রুলি একজন অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড়।

আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলের শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়ে রেখেছেন কোচ স্কালোনি।