সাগরের তলদেশে ঠাঁই পেল কিংবদন্তি মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সাগরের তলদেশে ঠাঁই পেল কিংবদন্তি মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

অনলাইন ডেস্ক: দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের ইতি টেনে সমুদ্রের তলদেশকে শেষ ঠিকানা হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’। প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ এই নৌযানটি একসময় বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজের খেতাব ধরে রেখেছিল। কিন্তু কী কারণে এই ঐতিহাসিক জাহাজটিকে স্বেচ্ছায় সাগরে ডুবিয়ে দেওয়া হলো?

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এই জাহাজটি ১৯৫২ সালে তার প্রথম যাত্রাতেই মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির রেকর্ড গড়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, মারিলিন মনরোর মতো বিশ্বখ্যাত ব্যক্তিরা এই জাহাজের যাত্রী ছিলেন। তবে ১৯৬৯ সালে এটি বাণিজ্যিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ফিলাডেলফিয়ায় অচল অবস্থায় নোঙর করে রাখা হয়।

বছর গড়ায় সাথে সাথে জাহাজটির রক্ষণাবেক্ষণ খরচ মারাত্মকভাবে বাড়তে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজটির দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার নির্ধারণ করে। রক্ষণাবেক্ষণের এই বিশাল খরচ আর বহন করতে পারছিল না এর মালিকপক্ষ ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি’।

পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের মূল পরিকল্পনা ছিল এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

নৌ-বিজ্ঞানের ভাষায় ইচ্ছাকৃতভাবে কোনো জাহাজ ডুবিয়ে দেওয়ার এই পদ্ধতিকে ‘স্কাটলিং’ বলা হয়। পরিকল্পনা অনুযায়ী, জাহাজটিকে সাগরে ডুবানোর আগে দীর্ঘ এক বছর ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সামুদ্রিক প্রাণের কোনো ক্ষতি যাতে না হয়, সে জন্য জাহাজ থেকে রং, বিদ্যুতের তার, জ্বালানিসহ যাবতীয় ক্ষতিকর পদার্থ সম্পূর্ণ নিরাপদ উপায়ে সরিয়ে ফেলা হয়।

পরবর্তীতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ধীরে ধীরে ভেতরে পানি প্রবেশ করার পর গত বুধবার ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের গভীরে জাহাজটি সফলভাবে তলিয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। যেসব জায়গায় স্বাভাবিক প্রবাল নেই, সেখানে এগুলো বিভিন্ন মাছ, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর নতুন আবাস গড়ে তোলে। এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য বৃদ্ধির পাশাপাশি মৎস্যশিল্প ও স্থানীয় পর্যটন খাতও ব্যাপকভাবে লাভবান হয়। ডুবে যাওয়া এই ঐতিহাসিক জাহাজটি দেখতে এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডুবুরি ও পর্যটকরা ভিড় জমাবেন বলে আশা করা হচ্ছে।