জিয়া হত্যার আসামি মেজর মোজাফফরের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
জিয়া হত্যার আসামি মেজর মোজাফফরের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন
মেজর (অব.) মোজাফফর হোসেন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সংঘটিত সেনা বিদ্রোহের মামলার অন্যতম আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সরকারি নথিপত্রে দীর্ঘদিন পলাতক থাকা সত্ত্বেও ২০১৭ সাল থেকে এভাবে ব্যাংক হিসাব খুলে তা নিয়মিত পরিচালনা করার বিষয়টি অত্যন্ত ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছে আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থা।

দীর্ঘদিন পলাতক থাকা একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির ব্যাংক হিসাবে এত বড় অঙ্কের অর্থের উৎস এবং লেনদেনের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখতে সম্প্রতি বিএফআইইউর এই বিস্তারিত প্রতিবেদনটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির কাছে পাঠানো হয়েছে।

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর ধরে পলাতক থাকা এক ব্যক্তির নামে ২০১৭ সাল থেকে ব্যাংক হিসাব খুলে তা সচল রাখার বিষয়টি পুরোপুরি রহস্যজনক। এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত ও যৌথ হিসাবে জমা হওয়া নগদ অর্থের উৎস কঠোরভাবে তদন্ত করে বের করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যৌথ হিসাবে জমা হওয়া অর্থের প্রকৃত উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক হিসাবের ক্ষেত্রে কর ফাঁকির কোনো সম্ভাবনা আছে কিনা এবং আয়কর নথিতে হিসাবগুলোর যথাযথ উল্লেখ রয়েছে কি না—তা গভীরভাবে যাচাই করার তাগিদ দেওয়া হয়েছে।

তদন্তে জানা যায়, মেজর (অব.) মোজাফফর হোসেনের নামে থাকা মোট ছয়টি ব্যাংক হিসাবের মধ্যে দুটি তাঁর ভাই মোদাচ্ছের রহমান পরাগের সঙ্গে যৌথভাবে খোলা হয়েছিল। এই হিসাবগুলোর মধ্যে বর্তমানে দুটি সঞ্চয়ী হিসাব চলমান থাকলেও বাকি চারটি মেয়াদি হিসাব ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মোজাফফর হোসেনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গ্রেপ্তার করে। এর পরদিন ১৬ জুলাই সন্ধ্যায় তাঁকে ঢাকা সেনানিবাসে সামরিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ২০ জুলাই গণমাধ্যমকে জানান, প্রচলিত সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমেই তাঁর বিচার নিশ্চিত করা হবে। এ ছাড়া গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

 বিএফআইইউর প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু ব্যাংকিং লেনদেনের চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে ঢাকা ব্যাংকের বনানী শাখায় ২০২১ সালের ৭ অক্টোবর মোজাফফরের নামে একটি নতুন সঞ্চয়ী হিসাব খোলা হয়। হিসাব খোলার ওই দিনই অ্যাকাউন্টটিতে ৬৪ লাখ ৪৭ হাজার টাকা জমা করে আবার ৬২ লাখ ১১ হাজার টাকা তুলে নেওয়া হয়। এর তিন দিন পর সোশ্যাল ইসলামী ব্যাংকের স্থায়ী আমানতের মেয়াদ পূর্তির পে-অর্ডার থেকে আরও ৩০ লাখ টাকা ওই হিসাবে জমা হয়।

এর আগে ২০১৭ সালের ৮ ও ৯ আগস্ট ২৫ লাখ টাকা করে দুই ধাপে মোট ৫০ লাখ টাকা নগদ জমা করে সোশ্যাল ইসলামী ব্যাংকে দুটি মেয়াদি আমানত খুলেছিলেন মোজাফফর। সেই আমানতের নিয়মিত মুনাফা নেওয়ার পাশাপাশি মেয়াদ শেষে তা ভাঙিয়ে ৩০ লাখ টাকার পে-অর্ডার ঢাকা ব্যাংকের হিসাবে স্থানান্তর করেন। বাকি ২০ লাখ টাকা তিনি নগদ তুলে নেন, যা কীভাবে বা কোথায় খরচ করা হয়েছে—তার কোনো সঠিক তথ্য বা প্রমাণ পায়নি গোয়েন্দা সংস্থাটি।

অন্যদিকে, ঢাকা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় মোজাফফর ও তাঁর ভাই মোদাচ্ছেরের নামে আরেকটি যৌথ সঞ্চয়ী হিসাব পাওয়া যায়, যা খোলা হয়েছিল ২০১৮ সালের ২৮ মার্চ। ওই হিসাবে বিভিন্ন সময়ে প্রায় ৯৩ লাখ ৫৩ হাজার টাকা জমা এবং সমপরিমাণ অর্থ উত্তোলনের রেকর্ড রয়েছে।

 প্রধান অভিযুক্ত মোজাফফরের ভাই মোদাচ্ছের রহমানের নামেও আলাদাভাবে ছয়টি ব্যাংক হিসাব ও একটি বিকাশ হিসাবের সন্ধান পেয়েছে বিএফআইইউ। এর মধ্যে পাঁচটি চলমান ও দুটি বন্ধ রয়েছে। যমুনা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় ২০১২ সালের ১ মার্চ খোলা একটি হিসাবে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ‘আফসার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস’ নামের একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে এই অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ট্রান্সফার করা হয়েছে। ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ১৩ দফায় মোট ৯৭ লাখ ৯৩ হাজার টাকা ওই হিসাবে আসে, যা পরবর্তীতে মোদাচ্ছের নিজেই নগদ তুলে নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও কয়েকটি প্রাতিষ্ঠানিক হিসাবের বিবরণ উঠে এসেছে। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী শাখায় ২০১৭ সালের ৯ আগস্ট ‘এমএস হেরিটেজ এন্টারপ্রাইজ’ নামে একটি হিসাব খোলা হয়, যার মালিক স্বয়ং মোজাফফর হোসেন। এই হিসাবে ১ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মিরপুর শাখায় ‘প্রপার্টি লংজেভিটার সার্ভিস’ এবং ঢাকা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় ‘অতন্দ্র ওয়াচম্যান সার্ভিসেস’ নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে কোটির অধিক টাকা জমা-উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা বর্তমানে সিআইডির নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।