ঢাকার শাক-সবজিতে সহনীয় সীমার আট গুণ বেশি সিসা ও ক্যাডমিয়াম
অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হওয়া প্রতিদিনের শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। শুধু ভারী ধাতুই নয়, পরীক্ষিত বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর জীবাণুও। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক পরীক্ষায় এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত ভারী ধাতু শরীরে প্রবেশ করায় দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার (যকৃৎ) ও স্নায়ুতন্ত্রের জটিল রোগ দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে সিসা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের সবজি ক্ষেতগুলোতে কৃষকদের একটি বড় অংশ নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করছেন। সাভারের বিরুলিয়া এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, পোকামাকড় দমনে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক ছিটানো হয় এবং ভালো বাজারদর পাওয়ার আশায় রাসায়নিক প্রয়োগের মাত্র এক থেকে দুই দিনের মধ্যেই সবজি সংগ্রহ করে ঢাকার বাজারে পাঠানো হচ্ছে।
অথচ কীটনাশকের মোড়কে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে, শেষবার প্রয়োগের পর অন্তত ৭ থেকে ১৪ দিন পর্যন্ত ফসল সংগ্রহ করা যাবে না। এছাড়া উৎপাদন ব্যয় কমাতে কৃষকরা নামসর্বস্ব প্রতিষ্ঠানের সস্তা ও নিম্নমানের বিষাক্ত বালাইনাশকের দিকে ঝুঁকছেন, কারণ এগুলোতে বিক্রেতাদের মুনাফা বেশি এবং কাজও দ্রুত হয়।
বিএফএসএ’র ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত শাক-সবজির নমুনায় প্রতি মিলিয়নে ১.১৬ থেকে ২.৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা যেখানে ০.৩ পিপিএম, সেখানে সর্বোচ্চ পাওয়া পরিমাণটি নির্ধারিত সীমার প্রায় আট গুণ বেশি। পাশাপাশি ক্যাডমিয়ামের উপস্থিতি ছিল ০.৩৩ পিপিএম।
ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো জীবাণুও শনাক্ত হয়েছে। পৃথক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো ও শসার মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে; যেখানে সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম হলেও লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম মিলেছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান জানান, পুরোনো ও বিষাক্ত বালাইনাশকের দাম কম হওয়ায় কৃষকরা সেগুলো বেশি ব্যবহার করেন; তাই নিরাপদ ও আধুনিক বালাইনাশকে সরকারি ভর্তুকি দেওয়া প্রয়োজন। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক বিল্লাল হোসেন এবং গবেষকরা মনে করেন, কোনো নির্দিষ্ট সবজি বর্জন না করে বরং ক্ষেতের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি স্তরে কঠোর তদারকি ও নিরাপদ কৃষি চর্চা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
সকালবেলা/নুসরাত