৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
অনলাইন ডেস্ক: দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবারও শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি ফ্লাইট চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি সাংবাদিকদের বলেন, প্রায় চার ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রের আকাশপথে আবারও স্বাভাবিকভাবে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। মূলত ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ এমন অনাকাঙ্ক্ষিত বিপর্যয় সৃষ্টি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
হঠাৎ করে পুরো দেশের বিমান চলাচল ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় এর পেছনে কোনো সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটি রয়েছে কি না, তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এমন সব আভাস সরাসরি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন।
তিনি স্পষ্ট ভাষায় জানান, এ ঘটনায় কোনো ধরনের সাইবার হামলা হয়নি এবং এর সঙ্গে মাইক্রোসফটের কোনো প্রযুক্তিগত বিপর্যয়েরও সম্পর্ক নেই। পুরানো হার্ডওয়্যারের সমস্যাটি শনাক্ত ও সমাধানের পরপরই দেশজুড়ে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।
সকালবেলা/ নুসরাত