গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার
জাতীয় ডেস্ক: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে প্রযুক্তিনির্ভর যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে একটি স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এর মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানেরও সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশের নীল অর্থনীতি বা ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ লক্ষ্যে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট বসানোর পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সম্ভাব্য এই প্রকল্পটির ব্যয় ধরা হচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা।
বিএসসিএলের তথ্যানুযায়ী, বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমায় নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমে দেশের নিজস্ব অবকাঠামোতেই সামুদ্রিক নৌযানের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। প্রস্তাবিত ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় উপকূল থেকে দূরে চলে গেলে নৌযানগুলো সাধারণত মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো ট্রলার বা নৌকা বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে তার অবস্থান জানা কঠিন হয়ে পড়ে।
নতুন এই প্রযুক্তির সুবাদে নৌবাহিনী ও কোস্টগার্ডের মতো উদ্ধারকারী সংস্থাগুলোর পক্ষে নিখোঁজ বা বিপন্ন নৌযান শনাক্ত ও উদ্ধার তৎপরতা পরিচালনা অত্যন্ত সহজ হবে। পাশাপাশি, নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে সুনির্দিষ্ট যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল হ্রাস পাবে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, এর মাধ্যমে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে; যা বার্ষিক হিসাবে প্রায় ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি করবে।
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালুর ফলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাতায়াত করছে এবং কখন মাছ ধরা হচ্ছে— এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ ডেটাভাণ্ডার গড়ে তোলা যাবে। এটি অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, এটি কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় একটি কৌশলগত ও দূরদর্শী পদক্ষেপ। কারিগরি নকশা, অর্থায়ন ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শেষে পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে এই স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।