বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রামে ধরা পড়ল ৩ ব্লক

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রামে ধরা পড়ল ৩ ব্লক

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে মন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই বিদেশে না গিয়ে দেশীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এর আগে গতকাল শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন একটি মেডিকেল দল মন্ত্রীর এনজিওগ্রাম করেছেন। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ও ভালো রয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার এনজিওগ্রাম করা হয়েছে এবং তার কোনো গুরুতর শারীরিক জটিলতা নেই।