ভারতের আকাশে চীনা সামরিক বিমান, সিকিম সীমান্তে ২৫ মিনিট ধরে তৎপরতা!
অনলাইন ডেস্ক : ভারতের সিকিমে দেশটির আকাশসীমায় চীনের একটি সামরিক বিমান অনুপ্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) বারবার সতর্কবার্তা দিলেও বিমানটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় উড়তে থাকে বলে জানা গেছে।ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, ১২ নভেম্বর সকালে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় চীনা সামরিক বিমানটির অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনীর রাডার। এরপর প্রচলিত নিয়ম অনুযায়ী একাধিকবার সতর্কবার্তা দিয়ে বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলা হয়। কিন্তু ভারতীয় বাহিনীর সতর্কবার্তার পরও বিমানটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় অবস্থান করছিল। তবে বিমানটির সুনির্দিষ্ট ধরন, গতিপথ এবং ঠিক কখন সেটি ভারতীয় আকাশসীমা ত্যাগ করেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে এর অত্যন্ত সংবেদনশীল ভৌগোলিক অবস্থানের কারণে। যে এলাকায় চীনা বিমানটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের (সেভেন সিস্টার্স) যোগাযোগের একমাত্র স্থলপথ হলো এই সরু ভূখণ্ড।
পশ্চিমবঙ্গের এই সরু ভূখণ্ডটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত, যা কৌশলগতভাবে ‘চিকেনস নেক’ নামে পরিচিত। এর অত্যন্ত কাছাকাছি চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত অবস্থিত। অন্যদিকে, সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে এবং অঞ্চলটি কৌশলগতভাবে স্পর্শকাতর ডোকলাম মালভূমির একদমই কাছাকাছি। উল্লেখ্য, ২০১৭ সালে এই ডোকলামকে কেন্দ্র করেই ভারত ও চীনের সেনাদের মধ্যে টানা ৭৩ দিন ধরে চরম সামরিক অচলাবস্থা চলেছিল।
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমান ও হেলিকপ্টারের এমন তৎপরতার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি দিয়ে চীনের একটি সামরিক বিমান উড়ে গেলে ভারত প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করেছিল। ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছিল। এ ছাড়া ২০১৭ সালেও উত্তরাখণ্ডের বারাহোতি ও চামোলি জেলার আকাশে চীনা হেলিকপ্টার অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল। সর্বশেষ সিকিমের আকাশে এই অনুপ্রবেশ দুই দেশের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। (সূত্র: আউটলুক ইন্ডিয়া)