মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১
অনলাইন ডেস্ক: ১৯৭৭ সালে যাত্রা শুরু করা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ঐতিহাসিক মহাকাশযান ‘ভয়েজার ১’ মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে। মানুষের তৈরি প্রথম কোনো মহাকাশযান হিসেবে এটি পৃথিবী থেকে ‘এক আলোক-দিন’ দূরত্বে পৌঁছাতে যাচ্ছে। নাসার হিসাব অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করতে পারে যানটি। অর্থাৎ, ভয়েজার ১ থেকে পৃথিবীতে কোনো সংকেত পৌঁছাতে তখন পুরো ২৪ ঘণ্টা সময় লাগবে।
পদার্থবিজ্ঞানের হিসাব অনুযায়ী, আলো প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৮৬ হাজার মাইল বেগে চলে। এই অবিশ্বাস্য গতিতে টানা ২৪ ঘণ্টায় আলো যে বিশাল দূরত্ব অতিক্রম করে, তাকেই বলা হয় ‘এক আলোক-দিন’। নাসার তথ্য অনুযায়ী, ভয়েজার ১ বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১৬ বিলিয়ন মাইল বা ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এই অকল্পনীয় দূরত্বে পৌঁছাতে মহাকাশযানটির সময় লেগেছে প্রায় ৪৯ বছর।
দূরত্বটির বিশালতা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে নাসা জানিয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ড। এমনকি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন থেকেও পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ১০ মিনিট। অথচ ভয়েজার ১ এতটাই দূরে চলে গেছে যে, সেখান থেকে আলোর গতির বেতার সংকেত পৃথিবীতে পৌঁছাতেই পুরো ২৪ ঘণ্টা সময় লাগবে।
বর্তমানে ভয়েজার ১ ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বা ৬১ হাজার কিলোমিটার অবিশ্বাস্য গতিতে অসীম মহাকাশের দিকে ছুটে চলেছে। এত সুদূরে অবস্থান করেও মহাকাশযানটি এখনো পৃথিবীতে নিয়মিত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাঠিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ভয়েজার ১-এর পাশাপাশি ১৯৭৭ সালেই ‘ভয়েজার ২’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল। ভিন্ন পথে যাত্রা করে এটি ইউরেনাস ও নেপচুন গ্রহ কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ভয়েজার ২ আগামী ২০৩৫ সালের নভেম্বরে পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছাবে।
২০১২ সালে ভয়েজার ১ আমাদের সৌরজগতের সীমানা বা হেলিওস্ফিয়ার অতিক্রম করে প্রথম মানবসৃষ্ট বস্তু হিসেবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে (ইন্টারস্টেলার স্পেস) প্রবেশ করে। বর্তমানে এটি ‘গ্লিস ৪৪৫’ নামের একটি নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে। তবে মহাকাশের বিশালতার কারণে নক্ষত্রটির কাছাকাছি পৌঁছাতে মহাকাশযানটির আরও প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে।