সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় ডাক বিভাগের ১৪ মেইল প্রসেসিং সেন্টারের

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় ডাক বিভাগের ১৪ মেইল প্রসেসিং সেন্টারের

অনলাইন ডেস্ক: সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে বাংলাদেশ ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল হতো প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। কিন্তু নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিংয়ের মাধ্যমে বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে এই সাশ্রয় অর্জিত হয়েছে। সরকার যখন সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে, তখন ডাক বিভাগের এই ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব ও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।

ডাক অধিদপ্তর জানিয়েছে, আলোচিত সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট (প্রায় ৪৩ শতাংশ) কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে এবং বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট (প্রায় ৫৭ শতাংশ) নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ না থাকলে গ্রিড থেকে ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো, যার বিল আসত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। নেট মিটারিং সমন্বয়ের পর প্রকৃত প্রদেয় বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা (৬১.৯৩ শতাংশ), যা কেন্দ্রপ্রতি গড়ে প্রায় ৯২ হাজার টাকা।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো— তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ‘লো কার্বন পাওয়ার’-এর হিসাব অনুযায়ী, দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়। সে হিসাবে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ পরিবেশে আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “আমাদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্য নয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যও অত্যন্ত কার্যকর। একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে—এটি অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।”

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ জানান, বৃষ্টি ও ঘন কুয়াশার দিনে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনকালে বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সরকারি প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

সকালবেলা/ নুসরাত