স্বর্ণ পাচারে গাড়ির যন্ত্রাংশের আড়ালে অভিনব কৌশল: পাচারকারী গ্রেফতার
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
মোহাম্মদ সোহেল রানা, ব্যুরো চিফ চট্টগ্রাম জেলা: আইনশৃঙ্খলা চোখ ফাঁকি দিতে অভিনব এক কৌশল বেছে নিয়েছিল চোরাকারবারিরা। আসল সোনাকে গলিয়ে হুবহু গাড়ির যন্ত্রাংশ বা গিয়ারের রূপ দিয়ে পাচার করার সময় ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ সোনাসহ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ। উদ্ধার করা এই বিপুল পরিমাণ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
যেভাবে ধরা পড়ল অভিনব কায়দার চোরাচালান পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন সিটি গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট বক্সের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে গলানো স্বর্ণ দিয়ে তৈরি গাড়ির যন্ত্রাংশের মতো দেখতে ওই অদ্ভুত চালানটি উদ্ধার করা হয়, যা সাধারণ চোখে সহজে ধরা পড়ার উপায় ছিল না।
গ্রেপ্তারকৃত সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার দক্ষিণ বণিকপাড়ার (ননী গোপালের বাড়ি) মৃত সতী রানী ধর ও ননী গোপাল ধরের ছেলে।
অভিযানে যারা ছিলেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাজের হোসাইনের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ আকবরশাহ থানার অন্যান্য সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স।
বিশেষ ক্ষমতা আইনে মামলা এ ঘটনায় অবৈধ স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আকবরশাহ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাকারবারিরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
সকালবেলা/ নুসরাত