অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহতা নিয়ে সচেতন হওয়ার তাগিদ দিলেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক: ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি।
১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য— ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এর কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব। তাই সুস্থভাবে বেঁচে থাকতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নগরায়নের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল সরকারি-বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিশেষে, রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
সকালবেলা/ নুসরাত