চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

অনলাইন ডেস্ক: বিশ্ব ভূ-রাজনীতিতে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। চীনের মাটিতে এক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহে শেনঝেনে এপেক সম্মেলনে যোগ দেবেন এবং সফরের শেষ পর্যায়ে তিন পরাশক্তির নেতাদের মধ্যে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন। তাই বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টিই এই বৈঠকে আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হবে। ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান প্রসঙ্গও উঠে আসতে পারে; তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নেই। এপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, বৈঠকের পর তাৎক্ষণিক কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।

বৈঠকটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার দ্বিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো বর্তমানে বড় ধরনের কোনো নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে চলে গেছে। ট্রাম্প মনে করেন, পুরনো চুক্তির পরিবর্তে দ্রুত বর্ধনশীল পারমাণবিক শক্তিধর দেশ চীনকে অন্তর্ভুক্ত করে আরও কার্যকর একটি ত্রিপক্ষীয় চুক্তি করা সম্ভব।

২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

এদিকে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কেবল শি জিনপিংয়ের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করেছে। তবে চলতি মাসের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ ধরনের বৈঠকের প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন।

সকালবেলা/ নুসরাত