ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের গণসংযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের গণসংযোগ

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর–৩ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় তিনি এই প্রচারণা কর্মসূচি পালন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিকের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে মানুষ তাদের মনের কথা বলতে পারেনি এবং ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত ছিল। তাই আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। লক্ষ্মীপুর এলাকায় প্রচারণাকালে স্থানীয় ব্যবসায়ীরা ও পথচারীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ফরিদপুর সদরসহ সারাদেশের সুষম উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসমর্থন ও উৎসাহ দেখা যায়।

এই প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, চৌধুরী নায়াব ইউসুফের সমর্থনে সাধারণ মানুষের মধ্যে জোয়ার তৈরি হয়েছে এবং সুষ্ঠু ভোট হলে ধানের শীষের জয় নিশ্চিত। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচিটি সমাপ্ত করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন