নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৭ কারবারি আটক

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ণ
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৭ কারবারি আটক

মোঃ শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলাজুড়ে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৫ লিটার দেশীয় মদসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ জেলার বদলগাছী, পত্নীতলা এবং মহাদেবপুর থানা এলাকায় এসব সফল অভিযান পরিচালনা করে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম বদলগাছী থানাধীন চক গোপাল এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের বাড়ির পাশ থেকে ১ কেজি গাঁজাসহ বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের আবু হোসাইন ওরফে উজ্জ্বলের (৪০) বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংক থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

একই রাতে অপর এক অভিযানে ডিবি পুলিশ পত্নীতলা থানাধীন কুন্দন এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১০টার দিকে কুন্দন গ্রামের একটি পাকা রাস্তার ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষমাণ থাকাবস্থায় নুর ইসলাম (৩৩) ও তার সহযোগী ওমর ফারুককে (৩৯) গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে নুর ইসলামের হাতে থাকা ব্যাগ থেকে ২২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে জেলার মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক বিক্রির দায়ে দুজনকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর এক অভিযানে ২৫ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ, যার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই প্রসঙ্গে জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আগামী দিনগুলোতে এই অভিযান আরও জোরদার করা হবে এবং তিনি মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীকে বিশেষ অনুরোধ জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন