শরীয়তপুরে ঘুষকাণ্ডে ভূমি অফিসে দুদকের অভিযান
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারির (মিউটেশন) জন্য ঘুষ গ্রহণ এবং পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেই টাকা ফেরত দেওয়ার ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদকের প্রতিনিধিদল ভুক্তভোগী সেবাগ্রহীতা, অভিযুক্ত ভূমি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেন।
ভুক্তভোগী সেবাগ্রহীতা এমডি আওলাদ হোসেন জানান, জমি কেনার পর নামজারির জন্য আবেদন করলে প্রায় চার মাস ধরে তাঁকে নানা অজুহাতে ঘোরানো হয়। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা নেন কনেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ। বিষয়টি জানাজানি হলে ডিসিআর ফি বাবদ ৩০০ টাকা রেখে বাকি ১০ হাজার ২০০ টাকা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফেরত দেন তিনি।
দুদকের অভিযান চলাকালে তদন্ত দলের সদস্যদের সামনেও টাকা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন সাংবাদিকদের জানান, নামজারির নামে ঘুষ গ্রহণ এবং পরবর্তীতে তা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইন ও বিধি অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১৮ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগী উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে তলব করা হয়েছে। দুই পক্ষের উপস্থিতিতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালে মো. শরীয়ত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি সচিত্র প্রতিবেদন বেসরকারি টেলিভিশন ‘বাংলা টিভি’-তে প্রচারিত হয়েছিল। ওই ঘটনার পরও তাঁকে স্ব-পদে বহাল রাখা হয়েছিল। তবে এবার দুদকের অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।
এআইএল/সকালবেলা