বিজিবি-পুলিশের যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক পাথর উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক পাথর উদ্ধার

মোস্তাকিন হোসেন (পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি): জয়পুরহাট-২০ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথর ও বেলেপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামের একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা নিদর্শনগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জসংলগ্ন চতরা বাজারের পাশে একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব নিদর্শন উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ঘোড়াঘাট থানা-পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখণ্ড, ২০ কেজির কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ২০ কেজির একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

আটক মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা